চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গোপনে ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করায় উত্তেজনা দেখা দিয়েছে। এর প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরে মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছেন।সমাবেশে নিজামপুর কলেজ, মিরসরাই কলেজ ও বারইয়ারহাট কলেজ ছাত্রলীগ; মিরসরাই ও বারইয়ারহাট পৌর ছাত্রলীগ এবং মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা অবিলম্বে এ কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানান। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তাঁরা ঘোষণা দেন। এ ছাড়া কমিটি পুনরায় গঠিত না হলে তাঁরা পাল্টা কমিটি ঘোষণা করবেন বলেও হুমকি দেন।সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সেকান্দর আকাশ, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন সুমন, একই কলেজের সহসভাপতি জাহেদ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন মিল্টন, সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দীন প্রমুখ।প্রথমে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল ও পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হয়ে সমাবেশ করেন।আসলেই গোপনে কোনো আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কি না বা নতুন কমিটি হয়ে থাকলে কী প্রক্রিয়ায় হয়েছে, সে বিষয়ে গতকাল উপজেলা আওয়ামী লীগ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতাদের কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়। তবে এ বিষয়ে তাঁরা মুখ খুলতে রাজি হননি।বিক্ষোভকারী নেতা-কর্মীরা জানান, তাঁরা শুনেছেন, কয়েক দিন আগে স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেনের বাসায় গোপনে বৈঠক করে সেখানে মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে।মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক দাবিদার মাইনুর ইসলাম ওরফে রানা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিন-চার দিন আগে স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের চট্টগ্রামের বাসায় তাঁকে (রানা) আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বকতিয়ার সাঈদ রানা ও সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব জানেন বলেও রানা জানান।গতকাল সকাল থেকে উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফোন করে স্থানীয় সাংবাদিকদের কাছে জানতে চান, উপজেলা ছাত্রলীগের নতুন কোনো কমিটি হয়েছে কিনা? কোনো কাউন্সিল বা সম্মেলন না হওয়ায় এবং গতকাল ছাত্রলীগের এ বিষয়ে কোনো অনুষ্ঠান না থাকায় সাংবাদিকেরাও বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারেননি। পরে প্রথম আলোর পক্ষ থেকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. নুরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌহিদুল হক বলেন, গোপনে কমিটি করার সংবাদে তাঁরা বিস্মিত হয়েছেন। তিনি কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টির দাবি জানান।চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বকতিয়ার সাঈদ ও সাধারণ সম্পাদক আবু তৈয়ব মিরসরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে কি না, তা জানাতে চাননি। তাঁরা বলেছেন, নতুন কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে সাংসদ মোশাররফ হোসেনের বাসায় বৈঠকে বসার কথা স্বীকার করেন আবু তৈয়ব।মিরসরাইয়ের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন বলেন, তিনিও খবরটি শুনে অবাক হয়েছেন। তিনি বলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতির সঙ্গে আলাপ করে তিনি কমিটি গঠনের বিষয়ে নিশ্চিত হয়েছেন।মিরসরাই উপজেলা ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক দাবিদার রানা জানান, নতুন কমিটিতে তাঁকে আহ্বায়ক এবং সাহাদাত হোসেন ও মো. ইব্রাহীমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।গোপনে কমিটি গঠন করায় কর্মী-সমর্থকেরা যে প্রতিবাদে সমাবেশ করেছেন, সে ব্যাপারে তিনি বলেন, বয়সের কারণে ও ছাত্রত্ব না থাকায় অনেকে বাদ পড়েছেন। তাই অভিমান করে এসব করছেন।মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।