দরপত্র আহ্বান না করেই ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের জন্য প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি সিটিস্ক্যান যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ফরিদপুর ডায়াবেটিক সমিতি। আর সমিতি সিদ্ধান্ত নেওয়ার আগেই যন্ত্রটি কেনার জন্য ঋণপত্র (এলসি) খোলার আবেদন করা হয়েছে।তবে ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার (পিপিআর) ৬৯(১) এবং ৬(ক) ও (গ) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানকে দুই লাখ টাকার বেশি দামের কোনো সামগ্রী কিনতে হলে তা দরপত্রের মাধ্যমেই কিনতে হবে।ফরিদপুর ডায়াবেটিক সমিতি সূত্রে জানা গেছে, সমিতি পরিচালিত ওই হাসপাতালের সিটিস্ক্যান যন্ত্রের পিকচার টিউবের মেয়াদ শেষ হয়ে যায় গত ১৩ জুলাই। ওই দিন থেকে হাসপাতালে সিটিস্ক্যানের কাজ বন্ধ রয়েছে। সূত্র জানায়, সমিতির কিছু কর্মকর্তা ঢাকার জিই হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে কথা বলে দুই কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৪২৫ টাকায় একটি নতুন সিটিস্ক্যান যন্ত্র কেনার বিষয়টি চূড়ান্ত করেন। গত ২৭ জুলাই সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ ব্যাংকে এলসি খোলার জন্য আবেদন করেন। এরপর ৩ আগস্ট ‘জরুরি ক্রয়সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের’ জন্য নির্বাহী কমিটির সভা ডাকা হয়। সভায় উপস্থিত সমিতির সদস্য আওলাদ হোসেন বলেন, ১ আগস্ট চিঠি দিয়ে ৩ আগস্ট সভা ডাকা হয়। অথচ সমিতির পক্ষে সভার সাত দিন আগে ব্যাংকে এলসি খোলার আবেদন করা হয়। তিনি বলেন, ‘৩৫ লাখ টাকা খরচ করে একটি পিকচার টিউব কিনে যন্ত্রটি সচল না করে বাজারদরের চেয়ে বেশি দামে নতুন যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়। যন্ত্রটি কেনার এ সিদ্ধান্ত যথাযথ না হওয়ায় আমি ওই সভায় আমার আপত্তি জানাই।’সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘সরকারি অনুদানের টাকায় কিছু কিনতে গেলে আমরা পিপিআর অনুসরণ করি। কিন্তু আমাদের নিজস্ব টাকায় কিছু কিনি নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। কারণ এতে নানা সমস্যা হয়।’ সিদ্ধান্তের আগেই এলসি খোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘কীভাবে দ্রুত সেবা দেওয়া যায়, সেটাই আমাদের উদ্দেশ্য।’নতুন পিকচার টিউব কিনে পুরোনো যন্ত্রটি সচল না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘যন্ত্রটির ব্রাশবুক আগামী কয়েক মাস পর বদলাতে হতো। তার দাম পাঁচ হাজার ডলার। তা ছাড়া যে প্রতিষ্ঠানটি আমাদের নতুন যন্ত্রটি সরবরাহ করবে, তারা পুরোনো যন্ত্রটি একটা দাম ধরে নিয়ে নেবে।’ জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ডায়াবেটিক সমিতি কী প্রক্রিয়ায় এত টাকা দামের সিটিস্ক্যান যন্ত্র কেনার উদ্যোগ নিয়েছে, তা আমার জানা নেই। তবে আমি বিষয়টি খতিয়ে দেখব।’