গোপনে জাটকা ও পোনা শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বেলা ভাত আর সপ্তাহ শেষে এনজিওর কিস্তি জোগাড় করতে ভোলার জেলেরা গোপনে নদীতে গিয়ে জাটকা ও রেণুপোনা ধরছেন। এতে সরকারের জাটকা সংরক্ষণ অভিযান ভেস্তে যেতে বসেছে। যে দুই মাস নদীতে জাল ফেলা নিষেধ, সে সময়ে এনজিওর ঋণের সাপ্তাহিক কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন জেলেরা।জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার জলসীমানায় মার্চ-এপ্রিল দুই মাস জাল ফেলা নিষিদ্ধ।ভোলায় এ সময় প্রায় দুই লাখ জেলে পরিবার বেকার হয়ে পড়ে। এর মধ্যে ৪০ হাজার ৩৭২টি জেলে পরিবারকে চার মাসে (ফেব্রুয়ারি-মে) ১২০ কেজি চাল দেওয়া হবে। ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রতিটি জেলে পরিবারকে প্রতি মাসের ১ তারিখে ৩০ কেজি চাল বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু জেলেদের অভিযোগ, মার্চ মাস শুরু হলেও ফেব্রুয়ারি মাসের চালই বিতরণ করা হয়নি।ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজাপুরের বাসিন্দা সগির আহমেদ মাঝি (৫৭) জানান, তাঁর পরিবারের সদস্যসংখ্যা আট। প্রতিদিন কমপক্ষে পাঁচ কেজি চাল লাগে। অন্যদিকে সপ্তাহ শেষে তিনটি এনজিওকে কিস্তি দিতে হয় এক হাজার ৬০০ টাকা। এ ছাড়া ৫০ হাজার টাকা দাদন নিয়েছিলেন তিনি।এত ঋণ কেন করেন—এমন প্রশ্নের জবাবে সগির মাঝি জানান, পেটের ভাত ও কিস্তির টাকা জোগাড় করতে রাতে ও দিনে চুরি করে নদীতে মাছ ধরতে যান। জাটকা সংরক্ষণ অভিযান শুরুর পর দুদিন মাছ ধরতে যান। কোস্টগার্ডের সদস্যদের হাতে ধরা পড়ে দুবারে ৫০ হাজার টাকার জাল হারান। পুনরায় এ জাল সংগ্রহ করতে আরও ৭০ হাজার টাকা ঋণ করতে হয়েছে। এ ঋণের বোঝা তাঁকে সারা বছর বইতে হবে। সগির আক্ষেপ করে বলেন, ‘মইর‌্যা গেলে মহাজনে দাদন মাপ করবো। কিন্তুক সাপ্তার কিস্তি মাপ অইবো না।’কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম মাঝি জানান, ২০১১ সালের হিসাব অনুযায়ী, ভোলার সাত উপজেলায় দুই লাখ পাঁচ হাজার জেলে আছেন। এর মধ্যে এক লাখ ১৫ হাজার জেলে অসহায়, ঋণে জর্জরিত। জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে হলে সরকারের উচিত ওই পরিবারগুলোকে সময়মতো খাবারের সংস্থান করা এবং অভিযানের দুই মাস ঋণের কিস্তি বন্ধ রাখা।গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, ‘সরকার চাইলে এনজিও কিস্তি বন্ধ করবে। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়।’জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, ‘কিস্তি গ্রহণ বন্ধের বিষয়টি আমরা অনেকবার মাসিক উন্নয়ন কমিটির সভায় উত্থাপন করেছি। সেখান থেকে বিষয়টি ওপরে যাওয়া উচিত।’ভোলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল হাকীম বলেন, ‘জেলেদের চাল বিতরণ কেন হচ্ছে না এবং এনজিওর কিস্তি গ্রহণ সাময়িক বন্ধের বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।’