গোপনে দায়সারা কাজ করে উধাও ঠিকাদার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই-ক্ষেতলাল সড়কটি (সাবেক ডিবি রোড) নিম্নমানের উপকরণ দিয়ে তড়িঘড়ি করে দায়সাড়াভাবে সংস্কার করে ঠিকাদারের লোকজন এলাকা ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর বাধার মুখে গোপনে রাতেও তাঁরা কাজ করেছেন। এলজিইডি সূত্র জানায়, কালাই শহর থেকে কাজীপাড়া পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার অংশ সংস্কারের জন্য চলতি অর্থবছরে প্রায় ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ পায় মেসার্স রাজা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মালিক রাশেদুল ইসলাম হলেও কাজ করতে আসেন শাহাজাহান নামের অন্য একজন ঠিকাদার।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ঠিকাদার দায়সাড়াভাবে কাজ করতে থাকেন। এভাবে কাজ শেষ করার চেষ্টা করলে স্থানীয় লোকজন গত বৃহস্পতিবার কাজ বন্ধ করে দেন। পরদিন ভোররাতে অবশিষ্ট কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী তালুকদারের নেতৃত্বে স্থানীয় লোকজন এভাবে কাজ না করে ঠিকাদারের লোকজনকে চলে যেতে বলেন। স্থানীয় ব্যক্তিরা জানান, এ অবস্থায় জুমার নামাজের ফাঁকে তড়িঘড়ি করে অবশিষ্ট কাজ শেষ করে দ্রুত কেটে পড়েন ঠিকাদারের লোকজন।এলজিইডির উপজেলা কার্যালয়ের কার্যসহকারী মামুনুর রশীদ বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে গিয়ে দেখি, কাপেটিংয়ের কাজ অনেকটা শেষ হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীও আসেননি। এই অনুপস্থিতির সুযোগ নিয়ে কাজ কিছুটা খারাপ করা হয়েছে।’ঠিকাদার জে আর এম শাহাজাহান আলী বলেন, ‘শেষ দিন বলেই একটু সকাল সকাল কাজ শুরু করা হয়েছিল। একটু কম-বেশি হতে পারে। তবে ইচ্ছাকৃতভাবে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়নি।’