গোপনে পৌনে চার কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী গোপনে পৌনে চার কোটি টাকার কাজ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের না জানিয়েই প্রকৌশলী ফিরোজ বিভিন্ন শর্ত ভঙ্গ করে এককভাবে ওই কাজ পাইয়ে দেন। এই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে ১৭টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকেরা ফিরোজের দপ্তরের সামনে বিক্ষোভ করেন।জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ কুমিল্লার দাউদকান্দি, হোমনা, মুরাদনগর, চান্দিনা, দেবীদ্বার ও লাকসাম উপজেলায় ৫৩৫টি গভীর নলকূপ স্থাপনের জন্য ওই বিভাগ থেকে দরপত্র আহ্বান করা হয়। ১৫টি গ্রুপে পৌনে চার কোটি টাকার ওই কাজের দরপত্রের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখেন প্রকৌশলী ফিরোজ। নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বানের বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশের কথা থাকলেও তিনি তা করেননি। এমনকি বিভাগের অধস্তন কর্মকর্তা-কর্মচারীরাও বিষয়টি জানেন না। তাঁদের কাছে দরপত্রের কাজের কোনো নথিও জমা নেই। প্রকৌশলী ফিরোজ একাই সিদ্ধান্ত নিয়ে কুমিল্লা শহরের ঠিকাদারি প্রতিষ্ঠান মঞ্জুর এন্টারপ্রাইজ, ফাইজা এন্টারপ্রাইজ ও সৈয়দ রায়হান আহমেদ এন্টারপ্রাইজকে কাজটি পাইয়ে দেন।এই ঘটনার প্রতিবাদে সাধারণ ঠিকাদারেরা গতকাল সকাল থেকে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কুমিল্লা কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা সেখানে দফায় দফায় বিক্ষোভ করেন। তাঁরা জানান, প্রকৌশলী ফিরোজের দুর্নীতির বিষয়ে তাঁরা ১১ আগস্ট চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইব্রাহীম মিয়ার কাছে স্মারকলিপি দেন। কিন্তু কাজ হয়নি।যোগাযোগ করা হলে প্রকৌশলী মো. ইব্রাহীম মিয়া বলেন, ‘আমি এ ধরনের কোনো স্মারকলিপি বা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।’আন্দোলনরত ঠিকাদারদের পক্ষে মেসার্স শৈলী এন্টারপ্রাইজের মালিক আবদুর রহমান বলেন, ‘নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী গোপনে তিনটি প্রতিষ্ঠানকে কাজটি পাইয়ে দেন। আমার ৩০ বছরের ঠিকাদারির ইতিহাসে এমন গোপন কাজের খবর শুনিনি। পত্রিকায় দরপত্রের বিজ্ঞাপনও দেওয়া হয়নি। দিলে আমরা সবাই জানতাম।’পৌনে চার কোটি টাকার দরপত্রের বিষয়ে কোনো সংবাদপত্রে বিজ্ঞাপন না দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন এবং দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রাক্কলিত কর্মকর্তা সুলতান আহমেদ।কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বলেন, ‘গত ১১ এপ্রিল আমার কাছ থেকে তিনজন ঠিকাদার ৫৫টি দরপত্রের শিডিউল নিয়ে যান। কিন্তু তাঁরা কোনো ব্যাংক ড্রাফট জমা দেননি। এমনকি পারফরম্যান্স সিকিউরিটির টাকাও জমা দেননি।’সুলতান আহমেদ বলেন, ‘অসুস্থতার কারণে মূল্যায়ন কমিটির বৈঠকে আমি উপস্থিত থাকতে পারিনি। পরে নির্বাহী প্রকৌশলী আমার কাছ থেকে সই নিয়ে যান। দরপত্র কোন পত্রিকায় দেওয়া হয়েছে জানি না।’সুলতান বলেন, ‘বিভিন্ন উপজেলায় গভীর নলকূপ বসানোর কাজ শুরু হলেও শর্ত অনুযায়ী তা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে মালামাল এনে দেখাতে হবে এবং বুয়েট থেকে পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। কিন্তু তা হয়নি। সম্পূর্ণ বেআইনিভাবে ওই কাজগুলো তিনজন ঠিকাদারের মধ্যে বিলি করা হয়েছে।’আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওই ঠিকাদারি কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে। কাজগুলোর সব নথিপত্র নির্বাহী প্রকৌশলীর কাছে রয়েছে বলে জানান সুলতান।ঠিকাদারি কাজ পাওয়া তিনটি প্রতিষ্ঠানের পক্ষে মঞ্জুর এন্টারপ্রাইজের মালিক মঞ্জুর কাদের মনি দাবি করেন, কাজটি পেতে কোনো অনিয়ম করেননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘দরপত্রে অংশ নিয়ে আমরা সর্বনিম্ন দরদাতা হয়ে কাজ পেয়েছি। যাঁরা কাজ পাননি, তাঁরা ঝামেলা করছেন। বর্তমানে আমাদের কাজ চলছে। কোনো অনিয়ম হয়নি।’অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী গত সোমবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বাথরুমে আছি, পরে কথা বলেন।’ গতকাল দুপুরে তাঁর দপ্তরে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। কয়েক দফা যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুঠোফোন ধরেননি।পরে এক ঠিকাদারের মুঠোফোনে ফিরোজের সঙ্গে কথা হয়। তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে বলেন, ‘আমি অসুস্থ। ঢাকায় আছি।’ কিন্তু এই প্রতিবেদক যখন তাঁর সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি কুমিল্লায় তাঁর সরকারি বাসভবনে ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।