গোপনে প্রধানমন্ত্রীর কথোপকথন রেকর্ডের অভিযোগ
নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের নিয়ে একটি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদলের সঙ্গে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী সাংবাদিক প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথন গোপনে রেকর্ড করেন বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার দুপুরে ওই নারী সাংবাদিক সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কক্ষে যান। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে অনানুষ্ঠানিক কথাবার্তা বলেন। কথাবার্তার একপর্যায়ে ওই নারী সাংবাদিক তাঁর সঙ্গে থাকা ভিডিও ক্যামেরাটি চালু করে প্রধানমন্ত্রীর বক্তব্য রেকর্ড করেন। কিন্তু অনুমতি না নেওয়ায় এতে বাদ সাধেন প্রটোকল কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আসার পর ওই সাংবাদিকের ভিডিও ক্যামেরা পরীক্ষা করা হয়। এতে প্রধানমন্ত্রীর সব অনানুষ্ঠানিক কথাবার্তার রেকর্ড পাওয়া যায়। পরে প্রটোকল কর্মকর্তারা ভিডিও টেপটি জব্দ করেন।