গোপলা নদীতে রাবার ড্যাম কৃষকদের কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের গোপলা নদীর রাবার ড্যাম এলাকার বোরোচাষিরা এখন সেচসংকটে পড়েছেন। রাবার ড্যামের পানি এখন কৃষকের সেচকাজে লাগছে না। এতে প্রায় দুই হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকার প্রায় আড়াই হাজার একর জমিতে শুকনো মৌসুমে সেচের ব্যবস্থা করতে প্রকল্পটি করা হয়। এর জন্য খরচ হয়েছে সোয়া পাঁচ কোটি টাকা। এখন রাবার ড্যামে বাঁধ দিলে বাঁধের উজান অংশের নিচু এলাকার ফসল পানিতে তলিয়ে যায়। আর ভাটি অংশে পানি থাকে না। এতে উজান ও ভাটি দুই অংশের লোকজন ক্ষতির মুখে পড়েছে।এলাকাবাসী জানান, গোপলা নদীর সঙ্গে যুক্ত কচুয়ার খালসহ অন্যান্য খাল খনন না করার কারণে এ সংকট প্রবল হয়েছে। এতে রাবার ড্যামের উজান ও ভাটি অংশের কৃষকেরা ক্ষুব্ধ হয়ে উঠছেন।সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের কাগাবলা বাজারসংলগ্ন গোপলা নদীর গোপলা সেতুর কাছে তৈরি করা হয়েছে গোপলা নদী রাবার ড্যাম প্রকল্প। প্রকল্পের লক্ষ্য হচ্ছে, শুকনো মৌসুমে রাবার ফুলিয়ে বাঁধ সৃষ্টির মাধ্যমে পানি জমিয়ে পতিত জমিতে বোরো চাষ করা। ২০০৫-০৬ অর্থবছরে রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার কার্যালয়। ২০০৮ সালের মে মাসে কাজ শেষ হয়। এতে খরচ হয় পাঁচ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৭৫১ টাকা। ২০০৯ সালে রাবার ড্যামটি চালু হয়। কিন্তু ওই প্রকল্প থেকে এখন সুফল পাচ্ছেন না এলাকার কৃষকেরা।এদিকে কে বা কারা ২ ফেব্রুয়ারি মধ্যরাতে ড্যামের রাবারে আগুন ধরিয়ে দেয়। কাগাবলা বাজারের চা-দোকানের কর্মচারী মখলিছ মিয়া বলেন, ‘রাতে আগুন দেখে আমি নিজে ঝুঁকি নিয়ে গিয়ে আগুন নিভিয়েছি।’ আপার কাগাবলা গ্রামের ইন্তাজ আলী বলেন, রাবার ড্যামে কোনো ফায়দা হয়নি। বাঁধ দিলে উজানে পানি জমে যায়। নিচের দিকে পানি থাকে না।কাগাবলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ওয়ালিউর রহমান প্রথম আলোকে বলেন, সদর উপজেলার কাগাবলা, আমতৈল ও নাজিরাবাদ ইউনিয়নের অতিরিক্ত প্রায় আড়াই হাজার একর জমি সেচের আওতায় নিয়ে আসতে রাবার ড্যাম প্রকল্প করা হয়েছে, যাতে এলাকায় আউশ, আমন ও বোরো ধান চাষ করা যায়। কিন্তু বাঁধটা ফুলানো হলে মির্জাপুর এলাকার লোকজন বীজতলা নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করে। কচুয়ার খাল খনন না করায় এ সমস্যা হচ্ছে।কাগাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান বলেন, খাল খননের কথা ছিল। এটা বন্ধ করে দেওয়া হয়। কোনো খালই খনন করা হয়নি। যে কারণে সমস্যা হচ্ছে। নদীতে পানির প্রবাহ কমে গেছে।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ‘আমার এখানে আসার আগে প্রকল্পটি বাস্তবায়ন ও হস্তান্তর হয়েছে। প্রকল্প সফল করতে খাল খনন দরকার।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক এ এফ এম মতিউর রহমান প্রথম আলোকে বলেন, প্রকল্পটি এখনো শতভাগ সম্পূর্ণ হয়নি। কচুয়ার খাল খনন ও স্লুইস গেট নির্মাণ করতে হবে। না করায় মানুষ প্রকৃত সুফল পাচ্ছে না।