গোপলা নদীর বাঁধটি এখনো অপসারণ করা হয়নি, পরিদর্শনে বেলার প্রতিনিধিদল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপলা নদীর নতুন গতিপথে প্রায় দুই সপ্তাহ আগে দেওয়া বাঁধটি এখনো অপসারণ করা হয়নি। গত মঙ্গলবার দুপুরে বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল ইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা) সিলেট কার্যালয়ের একটি প্রতিনিধিদল বাঁধ এলাকা পরিদর্শন করেছে।বেলার দুই সদস্যের ওই প্রতিনিধিদলে ছিলেন সিলেট কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মুস্তফা কামাল ও মাঠ কর্মকর্তা বাবলু সরকার।পরিদর্শন শেষে মোহাম্মদ মুস্তফা কামাল বলেন, গত মঙ্গলবার দুপুরে তাঁরা বাঁধ এলাকা সরেজমিনে ঘুরে দেখেছেন। এ সময় তাঁরা এপার-ওপার বাঁধ দিয়ে নদীটির প্রবাহ বন্ধ করে দেওয়ার সত্যতা পেয়েছেন। তাঁরা দেখতে পেয়েছেন, নদীতে বাঁধ দিয়ে ওই এলাকায় একটি মাছের খামার করা হচ্ছে। খননযন্ত্র দিয়ে খামারের আনুষঙ্গিক কাজ করা হচ্ছে।গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গোপলা নদীতে বাঁধটি দেওয়া হয়। ওই বাঁধ নিয়ে ৮ মার্চ প্রথম আলোর এবং দুই দিন পর একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনের সত্যতা পাওয়া গেছে বলে জানান মুস্তফা কামাল। ওই বাঁধ অপসারণে স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, সিলেটে ফিরে তাঁরা তাঁদের তদন্ত প্রতিবেদন ঢাকা কার্যালয়ে পাঠাবেন। বাঁধ অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেবেন। এর পরও বাঁধটি অপসারণ না করা হলে সংগঠনের পক্ষ থেকে নদী রক্ষায় উচ্চ আদালতে রিট আবেদন করা হতে পারে।সূত্রটি আরও জানায়, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মনসুরুল আজিজ চৌধুরী স্বাক্ষরিত ওই তদন্ত প্রতিবেদনে বাঁধটি অপসারণ এবং উচ্ছেদ মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে বাঁধ অপসারণের জন্য বলা হয়েছে। নদীর পুরোনো গতিপথ যাঁরা দখল করেছেন, তাঁদের উচ্ছেদের প্রক্রিয়া চলছে। পুরোনো গতিপথ খনন করার উদ্যোগও নেওয়া হবে।