গোপলার বুকে ধানের চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের নদী গোপলা এখন মৃতপ্রায়। যে নদীতে বারো মাসই স্বচ্ছ পানির স্রোত ও নানা জাতের মাছের ঘাঁই ছিল, তা শুধুই অতীত। ভরাট হয়ে যাওয়ায় নদীর বুকে চলছে ধানচাষ। চিরতরে হারিয়ে যাওয়া থেকে নদীটি বাঁচাতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ ও শিগগিরই খননের উদ্যোগ নিতে হবে। না হলে কয়েক বছরের মধ্যে এটি মরা খালে পরিণত হবে বলে এলাকাবাসীর আশঙ্কা। এলাকাবাসী জানান, নদীটি তাঁদের চোখের সামনেই বদলে গেছে। অনেকে তাঁদের শৈশব, কৈশোর ও যৌবনে এর রূপ দেখেছেন। সেই রূপের সঙ্গে এখনকার কোনো মিল নেই। নদীর বুকে কৃষকেরা তৈরি করেছেন বোরো ধানের হালিচারা। রোপণ করেছেন বোরো ধান। নদীটি এখন ক্ষীণধারায় প্রবাহিত হচ্ছে। এদিকে, কাগাবলা সেতুর উজানে শুকনো মৌসুমে বোরোখেতে সেচ দিতে স্থাপন করা হয়েছে রাবার ড্যাম। ড্যামটি চালু হলে নদীর ভাটি অংশে আর পানি থাকে না। এলাকাবাসী আরও জানান, শুকনো মৌসুমে নদীতীরবর্তী গ্রামের মানুষ নদীর কাগাবলা, সুইলপুর, রাতগাঁও, শেখের হিজরা, সিংলা, মিলনপুর, গোপলা বাজার, বিজনাসহ বিভিন্ন স্থানে ধানচাষ করছেন। নদীটি মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলা নিয়ে বিস্তৃৃত হাইল হাওর থেকে উৎপন্ন হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার আঁকাবাঁকা পথ পেরিয়ে এটি গিয়ে মিশেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিজনা নদীতে। মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের কৃষক হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, হাইল হাওরের উজানে রয়েছে চা-বাগান। চা-বাগানসহ আশপাশের এলাকায় চলছে খোঁড়াখুঁড়ি। আর এসব মাটি এসে পড়ছে হাইল হাওরে। হাওর থেকে গোপলা নদীতে। এতে ভরাট হয়ে গেছে নদী। এ ছাড়া উজানে পানির উৎসস্থলে অনেক ছড়া বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে এবং নদী খনন না করা হলে আগামী কয়েক বছরে নদী মরে যাবে। তিনি আরও বলেন, নদীর বিভিন্ন স্থানে বাঁধ, মাছ ধরার জন্য বাঁশের খাঁটি দেওয়া ও ধানখেত করার কারণে নদী আরও ভরাট হচ্ছে। নদীর ওপর নির্ভর করে তীরবর্তী গ্রামগুলোর মৎস্যজীবী পরিবার এত দিন জীবিকা নির্বাহ করছিল। তারাও এখন পেশাসংকটে পড়েছে। কাগাবলা ইউনিয়নের আথানগিরি গ্রামের বাসিন্দা ও গণমাধ্যমকর্মী হাসানাত কামাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের ছোটবেলা কেটেছে গোপলার পাড়ে। নদীতে গোসল করতাম। বিভিন্ন স্থানে ডহর (গভীর স্থান) ছিল। শুকনা মৌসুমেও সেখানে ঠাঁই মিলত না। এখন নদীর মধ্যে কৃষিখেত, বসতবাড়ি গড়ে উঠছে।’ মৌলভীবাজার পরিবেশ আন্দোলনের সভাপতি জিল্লুল হক বলেন, পরিবেশ বাঁচানোর জন্য অচিরেই নদী খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি। নতুবা এ নদী হারিয়ে যাবে। এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দেবে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, নদীর কিছু কিছু স্থানে বাঁধের সৃষ্টি হয়েছে। সেখানে কচুরিপানা আটকে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সেসব স্থানের মাটি কাটা হবে। খননেরও চিন্তাভাবনা আছে। তবে এ নদী নিয়ে সার্বিক পরিকল্পনা গ্রহণে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।