গোপাল ও তাহিল জানে না বাবা মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুই অবুঝ শিশুকে নিয়ে কী করব! তারা কেন আমাকেও মারল না! আমাকে ওর সঙ্গে মরতে দাও।’ কথাগুলো বলছিলেন রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সন্ত্রাসীর গুলিতে নিহত প্রশান্ত চাকমা ওরফে স্বর্ণলালের স্ত্রী ধনলতা চাকমা (২৫)। গত সোমবার বেলা তিনটার দিকে জুরাছড়ির লেবারপাড়া মাঠে স্বামীর লাশের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন তিনি। ওই সময় পাশেই খেলছিল তাঁর দুই শিশুসন্তান গোপাল চাকমা (৬) ও তাহিল চাকমা (৩)। তারা জানে না, বাবা মারা গেছেন। রোববার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য স্বর্ণলাল লেবারপাড়ার নিজ বাড়ির সামনে সন্ত্রাসীর গুলিতে নিহত হন। স্বর্ণলাল চাকমাকে হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জনকে আসামি করে ধনলতা চাকমা সোমবার জুরাছড়ি থানায় মামলা করেছেন।