গোপালগঞ্জ, রাজৈর ও খুলনায় তিনটি লাশ উদ্ধার
গোপালগঞ্জে গুলিবিদ্ধ এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। মাদারীপুরের রাজৈর উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ একজন কৃষকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া খুলনা নগরের ছোট বয়রা এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গোপালগঞ্জ: গোপালগঞ্জে শফিক মুন্সী (২৫) নামে এক তরুণ খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার সিলনা বিল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, শফিকের শরীরের বিভিন্ন স্থানে ছয়টি গুলির চিহ্ন রয়েছে। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের শহিদ মুন্সীর ছেলে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের বোন বিউটি বেগম জানান, শফিক ঢাকায় অটোরিকশা চালাতেন। ঢাকা থেকে তিনি শহরের সোনাকুড় গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। সেখান থেকে দুই যুবক সোমবার সকালে তাঁকে সিলনা গ্রামে বেড়াতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে করে নিয়ে যান। মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার ‘হরিদাসদী-মহেন্দ্রদী’ এলাকা থেকে তিন দিন আগে নিখোঁজ কৃষক মজিবর হাওলাদারের (৪২) বস্তাবন্দী লাশ ওই এলাকার কালীবাড়ি বাজারসংলগ্ন কুমার নদের চর থেকে গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, হরিদাসদী-মহেন্দ্রদী এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে মজিবর হাওলাদার তিন দিন আগে নিখোঁজ হন। খুলনা: খুলনা নগরের ছোট বয়রা এলাকার মশিউর রহমানের বাড়ির সেপটিক ট্যাংক থেকে কাপড় দিয়ে পেঁচানো অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে দুজন মেথর মশিউর রহমানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় কাপড় দিয়ে মোড়ানো একটি জিনিস থেকে তীব্র দুর্গন্ধ টের পান। পরে খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।