গোপালগঞ্জ এখন শোক আর শঙ্কার শহর
একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শোক আর আতঙ্কে ছেয়ে গেছে গোপালগঞ্জ শহর। বিশেষ করে কেন্দ্রস্থলের সাহাপাড়া। সাত দিন ধরে ভয়ে দোকানপাট বন্ধ করে বসে আছেন সাহাপাড়ার ব্যবসায়ীরা। পাড়ার সড়ক দিয়ে সাধারণের চলাচলও কমে গেছে অনেকটা। পুরো এলাকায় এখন বিরাজ করে থমথমে অবস্থা।
১৩ অক্টোবর রাতে সাহাপাড়া মোড়ে নিজ বাড়ির অদূরে দীপু বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন প্রবাসী ও অস্ট্রিয়া যুবলীগের সভাপতি শেখ মাসুদুর রহমান রাবেট। এর পর থেকেই সাহাপাড়াজুড়ে চলছে এই থমথমে অবস্থা।
নিহত রাবেট গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রয়াত শেখ নাসিরুদ্দিন আহম্মেদের দ্বিতীয় ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রাতে রাবেটের সঙ্গে স্থানীয় সিকদারপাড়ার দিলীপ কুমার সাহা দীপুর সামান্য কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ওই রাতেই দীপু সাহার নেতৃত্বে সিকদারপাড়ার বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাহাপাড়ায় রাবেটকে তাঁর বাসার সামনে একা পেয়ে কুপিয়ে আহত করেন। পরে রাবেটকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ওই রাতেই ১৪ জনকে আটক করেছে। তাঁদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে শহরের মোড়ে মোড়ে বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও পূজামণ্ডপের উদ্যোগে এখন শোভা পাচ্ছে দীপুসহ অন্য খুনিদের ফাঁসির দাবি-সংবলিত ব্যানার। ১৭ অক্টোবর তাঁরা এই দাবিতে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। আগামীকাল সোমবার হত্যাকারীদের ফাঁসির দাবিতে শহরের প্রেসক্লাবের সামনে সম্মিলিত ব্যবসায়ী সমিতি ও গোপালগঞ্জের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রাবেটের ছোট ভাই শেখ রিয়াজ উদ্দিন বলেন, ‘এমন কিছু সেই রাতে ঘটেনি যে আমার ভাইকে জীবন দিতে হলো। এর পেছনে যদি কারও ইন্ধন থেকে থাকে আইনের মাধ্যমে পুলিশ তাঁদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনুক, এটাই আমাদের পরিবারের দাবি। কিন্তু এ ঘটনা নিয়ে শহরে কেউ অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, সম্প্রীতি নষ্ট করতে চাইলে সেই দায় তাঁদের। এই দায় আমাদের পরিবার নেবে না।’
সাহাপাড়ার বাসিন্দা পোরো সাহা (৫০) ও বিজন সাহা (৫১) বলেন, ‘সবার সঙ্গে দ্রুত মিশে যাওয়ার ব্যাপক ক্ষমতা ছিল রাবেটের। এজন্য শুধু সাহাপাড়াই নয়; পুরো শহরের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। যে ঘটনাটি ঘটেছে তা ভাষায় প্রকাশ করার মতো না। এখন আমরা শুধু এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
১৩ অক্টোবর রাতে রাবেট নিহত হওয়ার পর তাঁর লাশ খুলনায় হিমঘরে রাখা হয়। ১৬ অক্টোবর দুই মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী সামসাদ রহমান দেশে ফিরলে ১৭ অক্টোবর মরদেহ গোপালগঞ্জে আনা হয়। শহরের আলিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আগামীকাল আলিয়া মাদ্রাসা মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।