গোপালগঞ্জ ও গৌরনদীতে দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ
কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় এক পথচারী নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে স্থানীয় লোকজন।গতকাল শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত মুকসুদপুর কলেজ মোড়ে এই অবরোধ করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে। পুলিশ জানিয়েছে, ওই স্থানে গত শুক্রবার গভীর রাতে একটি দ্রুতগামী যানের চাপায় সাহেব আলী (২৫) নামের এক ব্যক্তি নিহত হন। তাঁর বাড়ি কুমিল্লার মুক্তারকান্দি গ্রামে। একই উপজেলার কলেজ মোড়ে গতকাল বেলা সাড়ে ১১টায় একটি মাইক্রোবাস শুকুরন নেসা (৩৮) নামে এক নারীকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বাগেরহাট যাওয়ার পথে গতকাল বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নাজনীন বেগম (৩০) ও তার ছেলে মান্নাকে (৫) চাপা দেয়। এতে মা-ছেলে গুরুতর আহত হয়। গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর মান্না মারা যায়।কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি দুর্ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। ওই দুই জায়গায় গতিরোধকের দাবিতে এলাকাবাসী গতকাল দুপুরে কলেজ মোড়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যান আটকা পড়ে। মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর মিয়া জানান, গতিরোধক তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হবে—এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। বরিশালের গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেল চারটায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সোনার বাংলা নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক মো. আ. সালাম (৩২) নামে এক পথচারীকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎ সাধীন অবস্থায় বিকেল পাঁচটায় তিনি মারা যান। এলাকাবাসী ট্রাকসহ চালক সিরাজুল ইসলাম (৪০) ও সহকারী সাদ্দামকে (১৮) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। দুর্ঘটনায় নিহতের খবরে স্থানীয় লোকজন ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়।