গোপালগঞ্জ ও নড়াইলে দুই গৃহবধূ খুন
গোপালগঞ্জের মুকসুদপুর ও নড়াইলের লোহাগড়ায় দুজন গৃহবধূ খুন হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্বামীর হাতে স্ত্রী রওশনারা বেগম (৩৩) খুন হয়েছেন।এ ঘটনায় নিহত রওশনারার মা বেওরা বেগম রাতে জামাতা জাফর ফকিরের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জাফর ফকিরকে গ্রেপ্তার করেছে।মুকসুদপুর থানার ওসি ফেরদৌস হোসেন জানান, জাফর ফকির পুলিশের কাছে স্বীকার করেছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি স্ত্রী রওশনারা বেগমকে নিজ ঘরের চৌকাঠের সঙ্গে আঘাত করেন। এতে তাঁর স্ত্রী মারা যান। জাফর ফকিরকে জেলহাজতে পাঠানো হয়েছে।নড়াইল: লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল গুচ্ছগ্রামের এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আস্তাইল গুচ্ছগ্রামের সভাপতি মোহাম্মদ শেখের বাড়িতে গত রোববার একই উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের নওশাদ শেখ, তাঁর স্ত্রী জেলেকা বেগম, নওয়াখোলার সিদ্দিক, আছাদ, রফিক, ওমর, জাভেদসহ কয়েকজন আত্মীয় বেড়াতে এসে রাত যাপন করেন। তাঁরা রাতের কোনো এক সময়ে মোহাম্মদ শেখের স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৬) গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘর থেকে ৬১ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজ ইকবাল জানান, নিহত মনোয়ারার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।