গোপালগঞ্জ ও ফরিদপুরে গত মঙ্গলবার ও গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিঘরগাতী গ্রামের আনন্দ বিশ্বাস (৫০) ও সাজাইলের বিপুল বাগচী (৩০), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মানিক খাঁ (৮০) এবং সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের কাজেম মাতুব্বরেরডাঙ্গি গ্রামের মো. মোসলেমউদ্দিন (৫০)।গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর ফুকরা ইউনিয়নের ভুলবাড়ী সেতুর কাছে বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে আনন্দ বিশ্বাস ও বিপুল বাগচী নিহত ও অপর ৩০ জন আহত হন।মঙ্গলবার সকাল আটটায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার বগাইল সেতুর কাছে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে বৃদ্ধ মানিক খাঁ আহত হন। বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কাশিয়ানীর মো. কাইয়ুম (৪০) আহত হন।এদিকে মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে টেপাখোলা-গোয়ালন্দ আঞ্চলিক সড়কে ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে মো. মোসলেমউদ্দিন ঘটনাস্থলেই নিহত এবং অন্য ২৩ জন আহত হন।