গোপালগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জে বাসের নিচে চাপা পড়ে গতকাল বুধবার এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় গত মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র মারা গেছে।
নিহতরা হলো গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার দাঁড়িয়া মাঝবাড়ি গ্রামের মাদ্রাসাছাত্র রমজান (১৬) ও ফরিদপুরের কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামের স্কুলছাত্র কোহিনূর মিয়া (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান দুপুরে নদী থেকে গোসল করে বাড়ি ফেরার সময় মাঝবাড়ি এলাকার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে আসা কোটালীপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী রমজানকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রমজান স্থানীয় ভবানীপুর মাদ্রাসায় পড়াশোনা করত। সে মাঝবাড়ি গ্রামের ফায়েক দাঁড়িয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, পুলিশ বাসটি জব্দ করছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পল্লিবেড়া এলাকায় কোহিনূর কয়েকজন বন্ধুকে নিয়ে ব্যাটারিচালিত একটি রিকশাভ্যান চালাচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত ভ্যানটি রাস্তার পাশে মুঠোফোনের টাওয়ারের সঙ্গে ধাক্কা লাগলে কোহিনূর গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোহিনূর মিয়া কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামের চান মিয়ার ছেলে। সে কাউলিবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। কাউলিবেড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।