গোপালগঞ্জ ও বরিশালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জে গতকাল সোমবার বাসের চাপায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জে অপর এক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। তাঁরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার চরবাঁচামরা সিকদারকান্দি গ্রামের খোকন সিকদার (৩৪) ও শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ সেরেরচর গ্রামের সুরুজ চোকদার (৩০)।
পুলিশ জানায়, গতকাল গোপালগঞ্জ শহর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে ওই তিনজন মাদারীপুরে যাচ্ছিলেন। বেলা পৌনে ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুরের মান্দারতলা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলচালক সুরুজ চোকদার ও আরোহী খোকন সিকদার নিহত হন।
বরিশাল: বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এমএ খান ফিলিং স্টেশনের সামনে বাসের চাপায় সমাজসেবা কর্মকর্তা আবু বকর সিদ্দিকী (৪৫) নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবু বকর সিদ্দিকী বরগুনার বামনা থানার বাসিন্দা ও বাকেরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন কর্মকর্তা ছিলেন। পুলিশ জানায়, বরিশাল থেকে মোটরসাইকেল চালিয়ে বাকেরগঞ্জে যাচ্ছিলেন আবু বকর। পথে ওই স্থানে একটি বাস তাঁকে চাপা দেয়।