গোপালগঞ্জ ও যশোরে দুর্ঘটনায় নিহত ৩
যশোর সদর উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই দিন গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন।
গতকাল সকালে যশোর-মাগুরা সড়কের হাশিমপুরে ভুসিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে উল্টে পড়লে দুজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ওয়াজিউল্লাহ (৬০) ও হাশিমপুরের মতিয়ার রহমান (৫৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জানান, ওয়াজিউল্লাহ ও মতিয়ার রহমান সকালে হাশিমপুর বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় মাগুরার দিক থেকে আসা ভুসিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানে ঢুকে উল্টে পড়ে। ট্রাকচাপায় ঘটনাস্থলে ওই দুজন নিহত হন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
অপর দুর্ঘটনায় গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে আনুমানিক ৪২ বছর বয়সী অজ্ঞাতনামা ওই ব্যক্তি নিহত হন। গতকাল ভোররাত চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার কায়ারগাতিতে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী পর্যটক পরিবহনের বাসটি অজ্ঞাতনামা ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারিকুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।