গোপালগঞ্জ-কোটালীপাড়া বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস ধর্মঘট চলছে। গতকাল বুধবার সকাল থেকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় একটি লোকাল বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার জের ধরে এ ধর্মঘট শুরু হয়েছে।বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, পুলিশ শ্রমিকদের দায়ের করা অভিযোগ এজাহার হিসেবে গণ্য করেনি। আসামিদেরও গ্রেপ্তার করেনি। গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু জানান, এজাহার না নিয়ে আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চলবে। প্রয়োজনে অন্য অভ্যন্তরীণ পথগুলোও বন্ধ করে দেওয়া হবে।চালক নাসির ভূঁইয়া অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে পয়সারহাট থেকে একটি যাত্রীবাহী লোকাল বাস গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে যাত্রী নামানো নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের সুপারভাইজার সুমন শেখের বাগিবতণ্ডা হয়। একপর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী মুঠোফোনের মাধ্যমে ঘটনাটি গ্রামবাসীকে জানিয়ে দেন। পরে গ্রামের লোকজন মনসাবাড়িতে বাসটি থামিয়ে সুপারভাইজার সুমন শেখ ও চালক নাসির ভূঁইয়াকে বাস থেকে নামিয়ে মারধর করে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, এ সময় বাসটি ভাঙচুরও করা হয়। পরে বাসটি নিয়ে শ্রমিকেরা থানায় যান। তাঁরা সেখানে একটি লিখিত অভিযোগ দেন। থানার ওসি পুলিশও পাঠান, কিন্তু মুজিবুর চেয়ারম্যানের হস্তক্ষেপে পরে অভিযোগ এজাহারভুক্ত করা হয়নি। আসামিও গ্রেপ্তার হয়নি। আলোচনা চলছে বিকেল নাগাদ আরও কয়েকটি পথে বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে। কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পলাশ ও ফারুক নামে যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাঁরা করেছেন, পুলিশ বাড়ি গিয়ে তাঁদের খুঁজে পায়নি। স্থানীয় চেয়ারম্যান-মেম্বাররা বিষয়টি মিটমাটের চেষ্টা করছেন।