গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ছাত্রলীগের নতুন জেলা কমিটি বাতিলের দাবিতে সংগঠনের একাংশের নেতা-কর্মীরা গতকাল বুধবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটি আবদুল হামিদকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে। এ খবর পৌঁছার পর থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিকেল পৌনে পাঁচটায় গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রাখেন। সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের অনুরোধে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়।সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের নেতা আল হুসাইন মামুন বলেন, মঙ্গলবার রাতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে সংগঠনের সংবিধান অনুযায়ী কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বয়স নেই এমন নেতারা কমিটিতে স্থান পেয়েছেন। যোগ্য নেতা-কর্মীরা কমিটিতে স্থান পাননি। ঢাকায় বসে নিজেদের মনমতো লোকজন দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।সভাপতি প্রার্থী জাহিদ মুন্সি বলেন, বিবাহিত ব্যক্তিদের দিয়ে ছাত্রলীগ চলতে পারে না। কমিটিতে পৌর এলাকার কোনো নেতাকে রাখা হয়নি। নির্দিষ্ট একটি অঞ্চলের লোকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।