গোপালগঞ্জ জেলা বিএনপি বিভক্ত, কার্যালয়ও দুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতৃত্বের কোন্দলে গোপালগঞ্জ জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সম্প্রতি তাদের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হয়েছে। এখন দলটির দুটি কার্যালয়। দুই পক্ষই এখন পৃথকভাবে দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করছে।শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক কার্যালয়ে বসেন সাবেক সভাপতি এম এইচ খানের সমর্থকেরা। আর গেটপাড়ায় বসছেন বর্তমান জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলামের অনুসারীরা। দুই পক্ষই অঙ্গসংগঠন ও দলের বিভিন্ন কমিটিকে নিজ নিজ পক্ষে টানার জন্য প্রচারণায় নেমেছে। এসব কারণে বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। তাঁরা এখন দলীয় কর্মসূচি পালনের চেয়ে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে লবিংয়ে বেশি ব্যস্ত।দলীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের সঙ্গে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম হামিদুল হক, ওলামা দলের সভাপতি হাজি আশরাফ আলী, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক খায়রুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম ও ছাত্রদলের সম্পাদক সাজ্জাদ হোসেন রয়েছেন।অন্য পক্ষে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান, বর্তমান সহসভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক এম মুনসুর আলী। এই গ্রুপে জেলা কমিটির সহসভাপতি মাহমুদ আলী কবির, সাংগঠনিক সম্পাদক আশরারুল হক, এস এম সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বদরুল আলম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল কবির প্রমুখ।জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘গেটপাড়ায় জেলা বিএনপির কার্যালয়। বঙ্গবন্ধু সড়কে এম এইচ খানের বাড়ি এবং ব্যক্তিগত অফিস। ব্যক্তিগত অফিস কখনো দলীয় কার্যালয় হতে পারে না। আর এম এইচ খানের সঙ্গে যাঁরা আছেন, তাঁরা ভুল করছেন। আশা করি, তাঁদের ভুল ভাঙবে। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে কেন্দ্রকে অনুরোধ করা হবে।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলী বলেন, ‘বর্তমান সভাপতিকে দিয়ে বিএনপির মতো একটি বৃহৎ সংগঠন চলতে পারে না। তাই আমরা বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপিসহ সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কার্যক্রম চালাচ্ছি। বঙ্গবন্ধু সড়কের সাবেক জেলা বিএনপির সভাপতি এম এইচ খানের বাসভবনই জেলা বিএনপির কার্যালয়। এ পর্যন্ত কেন্দ্র প্রায় ৫৩টি কর্মসূচি দিয়েছে। একটিতেও সিরাজুল ইসলাম অংশ নেননি।’বিগত চারদলীয় জোট সরকারের আমল থেকে বঙ্গবন্ধু সড়কের এম এইচ খানের বাসভবনটি জেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহূত হয়ে আসছিল। ২০০৬ সালে জোট সরকার ক্ষমতা ছাড়ার পরদিন ২৮ অক্টোবর জনতা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার কিছু দিন পর সভাপতি সিরাজুল ইসলামের ভেড়ারবাজারের বাড়িতে জেলা বিএনপির কার্যক্রম চালানো হয়।