গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দ্বিতীয় দিনের মতো বাস বন্ধ
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দ্বিতীয় দিনের মতো গতকাল শনিবারও বাস চলাচল বন্ধ ছিল। টুঙ্গিপাড়ায় বাসচাপায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনায় গত শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী বাসের যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় শেখ মুজিব ডিগ্রি কলেজের ছাত্র কামাল শেখ (২০) নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ সৃষ্টি করলে ওই সড়ক দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাসমালিক পক্ষ, এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে পাটগাতী ইউনিয়ন পরিষদ ভবনে সমঝোতা বৈঠক হয়। এতে নিহতের পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকা দাবি করা হলেও মালিকপক্ষ ৩০ হাজার টাকা দিতে চাইলে বৈঠক ভেঙে যায়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, বৈঠকে বাসমালিক পক্ষ ও এলাকাবাসীর মধ্যে সমঝোতা না হওয়ায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া দিয়ে লোকাল বাস ও পিরোজপুরের নাজিরপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।