গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বাস ধর্মঘট অব্যাহত
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে বুধবার বেলা ১১টা থেকে ধর্মঘট শুরু হয়। এ কারণে সারা দেশের সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলার বাস যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার একটি লোকাল বাসের চালককে মারধরের ঘটনার প্রতিবাদে শ্রমিক সংগঠনটি ধর্মঘটের ডাক দেয়। চালককে মারধর করার ঘটনার লিখিত অভিযোগটি এজাহারভুক্ত না করায় গতকাল বেলা ১২টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস মালিক ও মোটরশ্রমিক ইউনিয়ন এক জরুরি সভা করেছে। এ সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে পিরোজপুর ও বরগুনার কয়েক শ বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করে। সড়কটি বন্ধ থাকায় এসব যানের চালকেরা ৬০-৭০ কিলোমিটার পথ ঘুরে ঢাকাসহ অন্যান্য জায়গায় যাচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় টুঙ্গিপাড়া উপজেলার লোকজন ভ্যান ও ইজি বাইকে যাতায়াত করছে। গোপালগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, চালককে মারধরের ঘটনায় থানায় দেওয়া অভিযোগ এজাহারভুক্ত করা এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকালও বাস ধর্মঘট করা হয়।