গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটের চতুর্থ দিনে গতকাল শনিবার বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দাদের সমঝোতা বৈঠকের পর এ সড়কে বাস চলাচল শুরু হয়। সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে গতকাল সমঝোতা বৈঠক হয়। বৈঠকের পর দুপুর সাড়ে ১২টা থেকে ওই সড়কে বাস চলাচল শুরু হয়। জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ডাকে ওই সড়কে গত বুধবার থেকে ধর্মঘট শুরু হয়। একটি লোকাল বাসের চালককে মারধর করার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। গোপালগঞ্জ মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, বুধবার গোপালগঞ্জ থেকে একটি লোকাল বাস টুঙ্গিপাড়া হয়ে বাঁশবাড়িয়া যাচ্ছিল। বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ার বেলতলায় বাসটি পৌঁছালে ৮-১০ জন বাসযাত্রী পূর্বশত্রুতার জের ধরে চালক শিমুলকে মারধর করে। পরে তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাইদুর রহমান আরও বলেন, ‘গতকালের সমঝোতা বৈঠকে আহত চালককে ক্ষতিপূরণ দেওয়ায় আমরা ধর্মঘট তুলে নিয়েছি।’