গোপালগঞ্জ থেকে নিখোঁজ শিশু রাজবাড়ীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নিখোঁজ হওয়া শাহজালাল মোল্যা (৮) নামের এক শিশুকে রাজবাড়ী সদর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি বাজার রেলস্টেশন থেকে গত রোববার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। গত সোমবার সকালে অভিভাবকদের হাতে তাকে তুলে দেওয়া হয়।

শাহজালাল টুঙ্গিপাড়া উপজেলার নিফলা গ্রামের হারুন মোল্যার ছেলে। গত রোববার সকালে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাস ও ট্রেনে চড়ে সে রাজবাড়ীর বেলগাছি এলাকায় চলে আসে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রোববার রাত আটটার দিকে বেলগাছি বাজার রেলস্টেশন এলাকার কয়েকজন বাসিন্দা শাহজালালের কান্না শুনে এগিয়ে যান। পরে তাঁরা থানা-পুলিশকে খবর দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শাহজালাল জানায়, তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিফলা গ্রামে। পরে টুঙ্গিপাড়া থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। তারা গতকাল সকালে শাহজালালের অভিভাবকদের খুঁজে বের করে এবং তার বাবাকে রাজবাড়ীতে পাঠিয়ে দেয়।

পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শিশুটি বাড়ি থেকে রাগ করে বের হয়ে এসেছিল। পরিবারের সদস্যদের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে। তার পড়ালেখার জন্য কিছু আর্থিক সহায়তা করা হয়েছে।