গোপালগঞ্জ পৌর ভবনে গুলি আহত ১
গোপালগঞ্জ পৌরসভা ভবনে গতকাল রোববার গুলিতে ফটিক চন্দ্র বালা (৫১) নামের একজন কর্মচারী আহত হয়েছেন।
পৌরসভার প্রহরী কাজী আমিনুল ইসলাম জানান, গতকাল বিকেলে ২৫-৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী পৌরসভায় ঢোকে। তারা দোতলায় উঠে পৌর মেয়রের কক্ষ লক্ষ্য করে দুটি গুলি করে। গুলিতে মেয়রের কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় মেয়রের গাড়ি লক্ষ্য করে একটি গুলি করে। এ সময় পৌরসভার কর্মী ফটিক চন্দ্র গুলিবিদ্ধ হন। পৌরসভার কর্মী মো. মিরাজ হোসেন জানান, সন্ত্রাসীরা এসে মেয়র কোথায় আছে, জানতে চায়। পৌর মেয়র মো. রেজাউল হক সিকদার বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। শুনেছি একদল সন্ত্রাসী পৌর ভবনে এসে আমাকে খোঁজাখুঁজি করে গুলি করে চলে গেছে। এ ঘটনায় পৌরসভা থেকে মামলা করা হবে।’ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।