গোপালগঞ্জ শহরে পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌর এলাকার লোকজন পানিসংকটে ভুগছে। পৌরসভার পানি সরবরাহ অপ্রতুল। মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকায় অনেক নলকূপের পানিও লোকজন ব্যবহার করতে পারছে না। পৌরসভা সূত্র জানায়, পৌরসভার পানির গ্রাহক প্রায় পাঁচ হাজার। এ ছাড়া আরও অন্তত এক হাজার সংযোগের চাহিদা আছে। পৌর এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কের শহর বাইবাস সড়কের পূর্ব পাশে, বৈশাখী রোড, আমেনা স্কুলের পূর্ব পাশের প্রায় এক হাজার পরিবারের পৌরসভার পানির সংযোগ নেই। আর্সেনিক ও লবণাক্ততার কারণে সবচেয়ে বেশি সমস্যায় আছে শহর বাইবাস সড়কের পূর্ব পাশে বসবাসরত প্রায় ৪০০ পরিবার। এই এলাকার অধিবাসীদের অভিযোগ, তাঁরা প্রতিদিন পৌরসভার লাইনে ১০ থেকে ১৫ মিনিট সামান্য পানি পান। গৃহবধূ নাসিমা বেগম বলেন, বিল-পুকুরের পানি লবণাক্ত। এই পানিতে গোসল করলে চুলকানি হয়। এ কারণে প্রায় সব পরিবারকেই প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে বিভিন্ন বাড়ি থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। বছর খানেক আগে একটি নলকূপ বসানো হয়েছিল। কিন্তু সেটি দিয়ে লোনা পানি ওঠে। সোহেল দাড়িয়া ও রাজু মুন্সি বলেন, পৌরসভার পানির লাইনে প্রতিদিন সকালে ১৫ থেকে ২০ মিনিটের বেশি পানি থাকে না। সবার পক্ষে পৌরসভার পানির লাইনের সংযোগ নেওয়া সম্ভব না। যাঁরা পানির সংযোগ নিয়েছেন, তাঁরা ঠিকমতো পানি পান না। মিয়াপাড়ার মহসিন উদ্দিন সিকদার, জগলুল হায়দার ও অহিদ শেখ বলেন, যে পরিমাণে পানি পাই, তা দিয়ে কাজ চলে না। অথচ পানির বিল প্রায় দ্বিগুণ করা হয়েছে। পৌরসভার পানি বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকারিয়া আলম বলেন, পৌর এলাকা দিন দিন বাড়ছে। এ কারণেই সমস্যা হচ্ছে। তবে দ্রুত তিন কিলোমিটার নতুন লাইন বসানো হবে। এ ছাড়া আগামী অর্থবছরে আরও ১০ কিলোমিটার লাইন বসানো এবং তিনটি ওভারহেড ট্যাংক স্থাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এসব কাজ সম্পন্ন হলে বৈশাখী রোড, আমেনা স্কুলের পূর্ব পাশ ও বাইপাসের পূর্ব প্রান্তে এক হাজার নতুন সংযোগ দেওয়া যাবে। তখন পানির অপ্রতুলতাও থাকবে না।