গোপালগঞ্জ, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা মুক্ত দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে নানা কর্মসূচিতে গতকাল বুধবার গোপালগঞ্জ, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: দিবসটি উপলক্ষে গতকাল সকালে গোপালগঞ্জ পৌর পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করে গোপালগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মোল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান, প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী লতিফা জামান জামাল চৌধুরী প্রমুখ।
সাতক্ষীরা: দিবসটি উপলক্ষে গতকাল দিনব্যাপী সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শহীদ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা ও শহীদ স্মরণসভা।
চুয়াডাঙ্গা: দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ও সদর ইউনিট এবং জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা চুয়াডাঙ্গাকে হানাদারমুক্ত করেছিলেন।
গতকাল সকাল সাড়ে ছয়টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি জাতীয় এবং সহসভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।