গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এই অফিসের বিভিন্ন পদের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা এ অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এবং উচ্চমান সহকারীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে অর্ধশতাধিক প্রার্থী গতকাল বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শহরের বেদগ্রামের রঞ্জন বিশ্বাস প্রথম আলোকে বলেন, তিনি সাধারণ কোটায় পরীক্ষায় অংশ নেন। কিন্তু তাঁকে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ দেখানো হয়েছে। একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে তাঁকে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ দেখিয়েছে। মুক্তিযোদ্ধা সনদ না থাকায় পরে তাঁকে কৌশলে বাদ দেওয়া হবে। একই পদের জন্য লিখিত পরীক্ষায় অংশ নেওয়া নবীনবাগের সোহেল সিকদার অভিযোগ করেন, অফিসের পরিসংখ্যানবিদ দিলীপ ভদ্র ও উচ্চমান সহকারী জহুর মিয়ার আত্মীয়স্বজনেরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁরা মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে প্রার্থীদের সিলেকশন দিয়েছেন। তিনি বলেন, দিলীপ ভদ্রের একারই সাতজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ কারণে লিখিত পরীক্ষায় মেধাবী প্রার্থীরা উত্তীর্ণ হতে পারেননি।অভিযোগ অস্বীকার করে পরিসংখ্যানবিদ দিলীপ ভদ্র বলেন, ‘অনুপ নামে আমার একজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে আমার ছোট ভাইয়ের শ্যালক। সে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা দিয়েছিল।’ অপরদিকে উচ্চমান সহকারী জহুর মিয়া বলেন, পরীক্ষায় কোনো দুর্নীতি হয়নি। যোগ্যতার ভিত্তিতেই ফলাফল দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার ছেলে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এতে আমার কী করার আছে?’জানতে চাইলে গোপালগঞ্জের সিভিল সার্জন মো. মুস্তাফিজুর রহমান মিয়া বলেন, ‘এ অভিযোগ নিয়ে ছাত্রলীগের কিছু ছেলে আমার কাছে এসেছিল। তাদের অভিযোগ সত্য নয়। নিয়োগ পরীক্ষা ফেয়ার হয়েছে। পরীক্ষায় যারা ভালো করেছে তারাই উত্তীর্ণ হয়েছে।’ গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, তারা তা নিশ্চিত করে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিসের পাঁচটি পদের লিখিত পরীক্ষা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার ৩৮৪ জন প্রার্থী অংশ নেয়। গত রোববার বিকেলে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৪৪ জন উত্তীর্ণ হয়। তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর।