গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় কার্যালয়ের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।তিন কর্মকর্তার মধ্যে পরিসংখ্যানবিদ দিলীপ ভদ্রকে চট্টগ্রামে, প্রধান সহকারী জহুর মৃধাকে বরিশালে ও স্টেনোটাইপিস্ট আবুল বাসারকে সিলেটে বদলি করা হয়েছে। বদলির চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।বদলির আদেশ প্রত্যাহারের জন্য ওই তিন কর্মকর্তা জোর তদবির চালাচ্ছেন বলে সিভিল সার্জনের কার্যালয়ের একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন।সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য প্রশিক্ষক, পরিসংখ্যানবিদ, ভান্ডাররক্ষক, সহকারী কাম কম্পিউটার অপারেটর ও স্বাস্থ্য সহকারীর ৪৪টি পদে নিয়োগের জন্য গত ১১ নভেম্বর লিখিত পরীক্ষা হয়। এতে দুই হাজার ৫২৪ জন আবেদনকারী লিখিত পরীক্ষা দেন। সাধারণ কোটায় ১৩৫ জন ও মুক্তিযোদ্ধা কোটায় ২৪ জন উত্তীর্ণ হন। কিন্তু পরীক্ষায় স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ১৪ নভেম্বর থেকে বিক্ষোভ শুরু করেন অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা। বিক্ষোভকারীদের বাধার মুখে ওই পরীক্ষা স্থগিত করতে বাধ্য হন সিভিল সার্জন মো. মুস্তাফিজুর রহমান মিয়া।সিভিল সার্জন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বর্তমানে তিনি রাজধানীতে একটি কর্মশালায় অংশ নিচ্ছেন। ওই তিন কর্মকর্তার বদলির বিষয়টি তাঁদের জানানো হয়েছে।