গোপালগঞ্জ হাসপাতালে নিয়োগ প্রক্রিয়া ফের শুরুর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে স্থগিত হওয়া গোপালগঞ্জ সদর হাসপাতালের নিয়োগ প্রক্রিয়া আবার শুরু করার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম প্রথম আলোকে জানান। তিনি বলেন, ‘গোপালগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের অধীন সদর হাসপাতালে জনবল নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এটা সত্য। আমাদের কমিটিই দুর্নীতি তদন্তের জন্য সুপারিশ করেছিল। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় ওই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে। যে কারণে এক বছর ধরে ২৫০ শয্যার হাসপাতালটিতে জনবল নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতে স্থানীয় মানুষ স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই কমিটি নিয়োগ প্রক্রিয়ার ওপর মন্ত্রণালয়ের স্থগিতাদেশ তুলে নেওয়ার সুপারিশ করেছে।’ শেখ সেলিম বলেন, দুর্নীতি হলেও যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মৌখিক পরীক্ষা নিয়ে ফল ঘোষণার সুপারিশ করা হয়েছে। শেখ সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, নাজমুল হাসান, মো. মুরাদ হাসান প্রমুখ অংশ নেন।