গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্র জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে এলাকার কয়েকজন সড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। তারা জানান, নিহত ওই ব্যক্তির একটি পা ভাঙা ছিল। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে লাশটি পড়ে ছিল। এটি সদর থানার মধ্যে নাকি মুকসুদপুর থানার মধ্যে, তা নিয়ে টানাহেঁচড়ায় অন্তত ৬ ঘণ্টা লাশ সেখানে পড়ে থাকে।
এ ব্যাপারে জানতে চাইলে বৌলতলী নৌ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি কি সড়ক দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড—এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।