গোপালগঞ্জে অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের অভ্যন্তরীণ সব রুটে গতকাল শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস গোপালগঞ্জ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। জানা গেছে, অতিরিক্ত ভাড়া দাবি করায় বৃহস্পতিবার সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র ও বাসশ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বাসশ্রমিকেরা শিক্ষক ও ছাত্রদের ওপর হামলা চালান। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা সড়ক অবরোধ এবং ১৫টি বাস ভাঙচুর করেন। সংঘর্ষ চলাকালে পুলিশ লাইনের মোড় থেকে পুলিশ দুজন বাসশ্রমিককে আটক করে। বাসের ক্ষতিপূরণ প্রদান ও আটক দুই শ্রমিকের মুক্তির দাবিতে গতকাল সকাল থেকে এই ধর্মঘটের ডাক দেয় মোটর শ্রমিক ইউনিয়ন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল ইসলাম জানান, তাঁদের দাবি না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।