গোপালগঞ্জে অস্ট্রিয়া-প্রবাসী খুন, গ্রেপ্তার ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরের সাহাপাড়ায় শেখ মাসুদুর রহমান রাবেট (৪৫) নামের একজন অস্ট্রিয়া-প্রবাসী খুন হয়েছেন। একদল যুবক তাঁর বাসার সামনে তাঁকে কুপিয়ে হত্যা করে। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে এই হামলা হয়। এ ঘটনায় পুলিশ রাতেই ১৪ জনকে আটক করেছে।

নিহত রাবেট জাতীয় পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ নাসিরুদ্দিন আহম্মেদের ছেলে।
যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা হলেন কালাচাঁদ সাহা (৫৫), উত্তম কুমার সাহা (৪৬), দিলীপ কুমার সাহা দিপু (৪৫), চন্দন সাহা (২০), সুজন ঘোষ (২১), পলাশ সিকদার (৩২), গৌতম সিকদার (৩৭), গৌর চান সাহা (৪৮), বিমল সাহা (৫৫), গোপাল সিকদার (৫৫), সুনীল ঘোষ (৪৮), অসিম সিকদার (৪৪) ও রঞ্জন সাহা ওরফে পার্থ (২০)।
এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সারা দিন অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে সাহাপাড়ার কিছু যুবকের সঙ্গে স্থানীয় সিকদারপাড়ার কিছু যুবকের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সিকদারপাড়ার একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহাপাড়ায় রাবেটের বাসার সামনে তাঁকে একা পেয়ে কোপায়। সংজ্ঞাহীন রাবেটকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
রাবেটের ছোট ভাই শেখ রিয়াজ উদ্দিন লিপটন জানান, রাবেটের স্ত্রী ও দুই মেয়ে অস্ট্রিয়ায় রয়েছেন। তাঁরা যাতে দেশে এসে মরদেহ দেখতে পারেন, সে জন্য জানাজা শেষে মরদেহ খুলনায় হিমঘরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে মাঠে রয়েছে পুলিশ।