গোপালগঞ্জে আরও ১৮ জনের করোনা শনাক্ত, সুস্থ ১৩

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে। এ পর্যন্ত সংক্রমিত ব্যক্তিদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২৮০ জন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, করোনায় সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে গোপালগঞ্জ সদরে চারজন, মুকসুদপুরে পাঁচজন, কোটালীপাড়ায় দুজন, টুঙ্গিপাড়ায় চারজন, কাশিয়ানী উপজেলায় তিনজন আছেন। এই ১৮ জনের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ আরও জানান, এ পর্যন্ত জেলার ৪ হাজার ৬২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৩৭ জন, কাশিয়ানীতে ১২৩ জন, গোপালগঞ্জ সদরে ১২৩ জন, টুঙ্গিপাড়ায় ৭৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৪৬ জন। এ পর্যন্ত গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় কোভিডে মারা গেছেন নয়জন। সুস্থ হয়েছেন ২৮০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন।