গোপালগঞ্জে ইডেন কলেজের ছাত্রীর লাশ উদ্ধার
গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার একটি পুকুর থেকে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া নূরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রসায়ন বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মিয়াপাড়ার বকুলতলা সড়কের লিয়াকত হোসেন মোল্লার মেয়ে সাদিয়া সপ্তাহখানেক আগে ঢাকা থেকে বাড়ি আসেন।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর বাবা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। নিহত সাদিয়ার পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সোমবার দিবাগত রাতে সেহরির সময় থেকে সাদিয়াকে পাওয়া যাচ্ছিল না। কেউ তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।সাদিয়াদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা লিয়াকত হোসেনকে আত্মীয়স্বজনেরা সান্ত্বনা দিচ্ছেন। তাঁর মা হাউমাউ করে কাঁদছেন। চাচা ফায়েকুজ্জামান মোল্লা জানান, সাদিয়া তার বাবা ও মায়ের সঙ্গে এক ঘরে থাকত। সেহরি খেতে উঠে তাকে পাওয়া যাচ্ছিল না। ঘরের দরজা খোলা ছিল। তিনি জানান, কয়েক দিন ধরে সাদিয়া জ্বরে ভুগছিল। সাদিয়ার চাচাত ভাই জনি (২২) জানান, এক বাড়িতে তাঁরা বেশ কয়েকটি পরিবার থাকেন। বাড়ির মূল ফটক একটি। সাদিয়া নিখোঁজের সময় ওই ফটকও খোলা ছিল। ফটকের একটি চাবি সাদিয়াদের ঘরে ও একটি তাঁদের ঘরে থাকে।খাদিজা আত্মহত্যা মামলার অভিযোগপত্র: সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ইডেন কলেজের শিক্ষার্থী খাদিজা ইসলামের আত্মহত্যা মামলার একমাত্র আসামি জাহিদুল ইসলামের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক (এএসআই) শেখ মেসবাহউদ্দিন গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। খাদিজার বাড়ি কলারোয়ার গোছমারা গ্রামে। বাবার নাম শহীদুল ইসলাম।অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ইডেন কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী খাদিজার সঙ্গে মুঠোফোনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাপড়পোড়ার জাহিদুল ইসলামের সম্পর্ক হয়। জাহিদুল নিজেকে অবিবাহিত পরিচয়ে খাদিজাকে বিয়ে করে। পরে খাদিজা জানতে পারেন জাহিদুল বিবাহিত ও তাঁর দুটি সন্তান আছে। পরে উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়। গত ২৭ ফেব্রুয়ারি ইডেন কলেজ থেকে বাইরে ডেকে নিয়ে খাদিজাকে অস্ত্রের মুখে অপহরণ করে জাহিদুল। ১৭ দিন আটকে রাখার পর খাদিজা পালিয়ে যেতে সক্ষম হন। এরপর থেকে খাদিজাকে নানাভাবে উত্ত্যক্ত করছিল জাহিদুল। একপর্যায়ে গত ২৪ এপ্রিল দুপুরে খাদিজা আত্মহত্যা করেন। পুলিশ ২৬ এপ্রিল রাতেই জাহিদুলকে গ্রেপ্তার করে।