ঢাকার ইডেন কলেজের ছাত্রী সাদিয়া নূর মিতা হত্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত মঙ্গলবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম মোর্শেদের আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালত আগামী ২৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।এদিকে মামলার বাদী নিহত মিতার বাবা লিয়াকত হোসেন মোল্লা অভিযোগ করেছেন, মামলা তুলে নেওয়া না হলে হত্যা করা হবে বলে আসামিরা তাঁকে হুমকি-ধমকি দিচ্ছে।গত ১৪ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী মতিয়ার রহমান ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হলো, মিতার চাচাতো ভাই শামসুর রহমান জনি, আনোয়ার হোসেন মনি, চাচাতো বোন ইসরাত জাহান শ্রাবণী, ফুফাতো ভাই খন্দকার হাসিবুর রহমান নিপুণ, খন্দকার মামুন হাসান, নিপুণের বোনের স্বামী মফিজ খন্দকার ওরফে ডাগু খন্দকার, জনির বন্ধু নাজমুল, জসিমুল ইসলাম, শাহ্ আলম তুষার ও মাসুম বিল্লাহ।হত্যাকাণ্ডের পর পুলিশ আটজনকে গ্রেপ্তার করে এবং নিপুণ ও মামুন আদালতে আত্মসমর্পণ করে। আসামিরা বর্তমানে জামিনে রয়েছে।তদন্ত কর্মকর্তা কাজী মতিয়ার রহমান জানান, সম্পত্তির লোভে মিতাকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে চাচাতো ও ফুফাতো ভাইয়েরা তাঁকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।২০১০ সালের ৩০ আগস্ট মিতাকে গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বকুলতলা রোডের বাড়ি থেকে অপহরণ করা হয়। পরদিন ৩১ আগস্ট দুপুরে বাড়ির পাশে একটি পুকুর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।