গোপালগঞ্জে উন্নয়ন মেলায় লাঠিখেলা
গোপালগঞ্জ শহরের পৌর পার্কে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় গত সোমবার দেশের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এ খেলা উপভোগ করে নানা বয়সের শত শত মানুষ।
একসময় গ্রামবাংলার মানুষের কাছে লাঠিখেলা অত্যন্ত জনপ্রিয় ছিল। কিন্তু এখন তা হারিয়ে যেতে বসেছে। জেলা উন্নয়ন মেলায় আসা সাধারণ মানুষকে আনন্দ দিতে তাই এ লাঠিখেলার আয়োজন করা হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠিখেলা দেখান লাঠিয়ালরা।
জেলা ক্রীড়া কর্মকর্তা এস এম ফিরোজুল আহসান প্রথম আলোকে বলেন, লাঠিখেলায় অংশ নেন শহরতলির চর মানিকদহ গ্রামের লাঠিয়াল মনু মিয়া ও তাঁর দলের ১২ সদস্য। বেলা দুইটা থেকে আড়াইটা এবং বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত লাঠিখেলা চলে। পরে তাঁদের পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, ঐতিহ্যবাহী এ লাঠিখেলাকে টিকিয়ে রাখার পাশাপাশি শহরের মানুষের কাছে বিষয়টি তুলে ধরতেই এ আয়োজন করা হয়।