গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই স্কুলছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ শহরের হেমাঙ্গন আবাসিক এলাকায় গত মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণে দুই স্কুলছাত্র আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দুই ছাত্রসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত স্কুলছাত্ররা হলো শহরতলির ঘোষেরচর পূর্বপাড়ার মশিউর রহমানের ছেলে ও নাদের আলী ছাদের আলী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র নাইমুর রহমান এবং হেমাঙ্গন এলাকার কাশেম সিকদারের ছেলে ও স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আকাশ সিকদার। নাইমুর রহমান বলে, ‘এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে আল-কুবা জামে মসজিদের ৫০ গজ দূরে একটি ছোট বাক্সে আগুন জ্বলতে দেখতে পাই। কাছে গেলে বাক্সের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় চারদিকে ধোঁয়ার সৃষ্টি হয় এবং আমাদের শরীরের বিভিন্ন অংশ স্প্লিন্টার বিদ্ধ হয়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ওই এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।