গোপালগঞ্জে কলেমার দলের চার সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জে কলেমার দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে শহরের কোর্ট মসজিদ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁদের গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম দিলীপ কুমার ভৌমিকের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন, এ কে এম শফিউদ্দিন (২৬), নূর ইসলাম কাজী (২৭), মো. মহিউদ্দিন শেখ (২১) ও মঞ্জির রহমান (২৩)। এঁদের বাড়ি ভোলা, বাগেরহাট ও ফরিদপুর জেলায়। গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজুর রহমান জোয়ারদার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মসজিদে মসজিদে মুসল্লিদের কলেমার দলে যুক্ত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছিলেন। গত শনিবার কোর্ট মসজিদে দাওয়াত দেওয়ার সময় তাঁদের কথাবার্তা মুসল্লিদের কাছে রহস্যজনক মনে হয়। মুসল্লিরা খবর দিলে গোয়েন্দা পুলিশের একটি দল গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানিয়েছেন, ভোলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ তাঁদের দলের প্রধান। গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দলিল উদ্দিন জানান, এই দলটি নতুন কোনো জঙ্গিসংগঠন কি না, তা খতিয়ে দেখতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে কিছু ইসলামি বই ও একটি নোটবুক উদ্ধার করা হয়েছে।