গোপালগঞ্জে কলেমার দলের ১৬ সদস্য গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গত শনিবার রাতে কলেমার দলের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার এদের মধ্যে ১৫ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন গোপালগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আলমগীর হোসেন। কলেমার দলের গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন—নরসিংদীর সদর উপজেলার পূর্ব ব্রাহ্মণদী গ্রামের সাইফুল ইসলাম (৩২), বানিয়ারছল গ্রামের মো. আবু কাউছার (৩৩) ও শাহিন (৩৫), পশ্চিম কান্দাপাড়া গ্রামের আবদুস সাত্তার মিয়া (৩০), শিবপুর উপজেলার দক্ষিণ সাদারচর গ্রামের সোহেল (৩০), ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের তোফাজ্জেল হোসেন (৫৫), কুলসুমবাগ গ্রামের জায়েদ (১৩); ফরিদপুরের সোহেল (২২); দিনাজপুরের মনির হোসেন (২০), ঠাকুরগাঁওয়ের হাফেজ রবিউল ইসলাম (১৯), গোপালগঞ্জ শহরের বায়েজিত ওরফে রনি (২৩), নড়াইলের হাফেজ আবু ইউসুফ (২৩), রাজবাড়ীর মো. জাকির (২৬), বাগেরহাটের ইব্রাহিম মিয়া (৩০), কক্সবাজারের সামছুল আলম (২৯) এবং চট্টগ্রাম মহানগরের রিয়াদ (২৯)।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, শনিবার রাতে বঙ্গবন্ধুর সমাধিসৌধের মসজিদ থেকে ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত ১৫ জনের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামি জায়েদকে সরাসরি জেলহাজতে পাঠানো হয়েছে। ঢাকায় যৌথ জিজ্ঞাসাবাদ (টিএফআই) সেলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এঁদের মধ্যে সাইফুল ইসলাম ও সোহেল এর আগে জেএমবি সদস্য হিসেবে নরসিংদী ও ফরিদপুর থেকে দুই দফায় গ্রেপ্তার হয়েছিলেন। এ ছাড়া মো. আবু কাউছারের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক এবং অস্ত্র আইনে মামলা রয়েছে। ওই সব মামলায় তিনি জামিনে রয়েছেন।আদালত চত্বরে সাংবাদিকদের কাছে নিজেদের নির্দোষ দাবি করে গ্রেপ্তার ব্যক্তিরা বলেন, তাঁদের দলের সদস্যসংখ্যা প্রায় তিন হাজার। তাঁরা কোনো দেশদ্রোহী কাজ করছেন না। বিভিন্ন মসজিদে গিয়ে কলেমার দাওয়াত দেওয়া তাঁদের কাজ। ভোলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ তাঁদের দলের প্রধান আমির। তবে ওসি মাজহারুল হক দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা জেএমবির হয়ে ভিন্ন নামে নতুন করে সদস্য সংগ্রহ করতে মাঠে নেমেছেন।এদিকে গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ শহরের কোর্ট মসজিদ থেকে একই দলের গ্রেপ্তার হওয়া চার সদস্যকে গতকাল একই আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।