গোপালগঞ্জে কাউন্সিলর ফের কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর এম মাহাবুব আলীকে গ্রেপ্তার করে আবার কারাগারে পাঠানো হয়েছে। পৌর মেয়রকে লাঞ্ছিত করে অর্থ ছিনতাই ও এক কিশোরকে গুলি করে আহত করার অভিযোগে দায়ের করা দুটি মামলায় গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ পৌরসভার মেয়র রেজাউল হক সিকদার এবং গুলিবিদ্ধ শামিম সিকদারের (১৭) বাবা ইমরান সিকদার বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দুটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম মাহাবুব একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। মঙ্গলবার তিনি জামিনে মুক্তি পান। বেলা তিনটার দিকে তিনি পৌরসভায় গিয়ে মেয়রের কাছে তাঁর বেতন-ভাতা বন্ধ করার কারণ জানতে চান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি (মাহাবুব) ও তাঁর সহযোগীরা মেয়রকে লাঞ্ছিত করে তাঁর টেবিলের ড্রয়ারে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহরের নতুন স্কুল সড়কে গিয়ে মাহাবুবের বাড়ি, দোকান ও তাঁর ফুফাতো ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক এনায়েত হোসেনের বাড়ি ভাঙচুর করে। এ সময় মাহাবুব বাড়ির ছাদ থেকে গুলিবর্ষণ করেন। এতে শামিম সিকদার গুলিবিদ্ধ হয়।