গোপালগঞ্জে কেন্দ্র সচিবসহ ৮ শিক্ষককে অব্যাহতি
২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্ন পত্রে এসএসসি পরীক্ষা নেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী ও সদর উপজেলার দুটি কেন্দ্রের দুজন কেন্দ্র সচিবসহ আট শিক্ষককে অব্যাহতি দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার।
রেশমা আক্তার জানান, আজ সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে কাশিয়ানী উপজেলার রামদিয়া এস কে সরকারি কলেজ কেন্দ্রে ৭৯ শিক্ষার্থী ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্ন পত্রে (বাংলা ১ম পত্র) পরীক্ষা দেয়। পরে বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের কেন্দ্র সচিব মো. জয়নদ্দিনসহ ছয়জন শিক্ষক আজিজ বিন খোরশেদ, পার্থ বিশ্বাস, সুজন মণ্ডল, ছবি রানি বিশ্বাস ও গুরুপদ হীরাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অপরদিকে, সদর উপজেলার সাতপাড় বৌলতলী সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১ জন পরীক্ষার্থীর পরীক্ষা ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্ন পত্রে নেওয়া হয়। এ ঘটনায় ওই কেন্দ্রর সচিব মামুন বিশ্বাস ও হল সুপার দুলাল চন্দ্র মজুমদারকে অব্যাহতি দেওয়া হয়।
এ ব্যাপারে রামদিয়া এস কে সরকারি কলেজ কেন্দ্রের সচিব মো. জয়নদ্দিন বলেন, ‘এই কেন্দ্রের ২৪১ ও ২৪২ নম্বর কক্ষে এ সমস্যা হয়েছে। প্রশ্নপত্র বাছাই করার সময় এ ঘটনাটি ঘটে যায়।’
কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দুটি পরীক্ষা কেন্দ্রের দুই কেন্দ্র সচিবসহ মোট আট শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুর রহমান বলেন, ‘আমি এ বিষয় নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, এটি তাদের (বোর্ডের) ভুল। যেহেতু পরীক্ষা হয়ে গেছে সে ক্ষেত্রে ওই প্রশ্নের ভিত্তিতেই খাতা মূল্যায়ন করা হবে।’