গোপালগঞ্জে কোভিডে আ.লীগ নেতার মৃত্যু

কোভিডে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাহামুদ আলমের (৫০) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় ২৫ জনের মৃত্যু হলো।
মাহামুদ আলমের বাড়ি সদর উপজেলার কলপুর গ্রামে। তিনি বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি।
সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, বেশ কয়েক দিন আগে মাহামুদ আলমের জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর তিনি ও তাঁর স্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন বনানী ১৬ জুলাই গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশষ্ট জেনারেল হাসপাতালে নমুনা দেন। ১৭ জুলাই আসা প্রতিবেদনে তাঁরা করোনা পজিটিভ শনাক্ত হন। তাঁরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ২১ জুলাই দুজনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে মাহামুদ আলম মারা যান।
জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ জন স্বাস্থ্যকর্মীসহ আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮।