গোপালগঞ্জে খালেদা ও বিএনপি অবাঞ্ছিত: শেখ সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ ফজলুল করিম সেলিম
শেখ ফজলুল করিম সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জবাসীর উদ্দেশে বলেছেন, ‘আজ থেকে গোপালগঞ্জে খালেদা জিয়া ও বিএনপির রাজনীতি অবাঞ্ছিত ঘোষণা করা হল। আমি বেঁচে থাকি বা না থাকি আপনারা কোনো দিনও খালেদা জিয়াকে গোপালগঞ্জে প্রবেশ করতে দেবেন না।’ আজ সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে বলে বিরোধী দলের নেতা খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র সমালোচনা করেন শেখ সেলিম। তিনি বলেন, গোপালগঞ্জের নাম তিনি কখনো মুছতে পারবেন না। তিনি পাকিস্তানিদের ভাষায় কথা বলেন। ৫ জানুয়ারি নির্বাচনের পর খালেদা জিয়াকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।
শেখ সেলিম বলেন, ‘ভণ্ডামিরও একটা শেষ আছে। স্বামী মার্শাল ল দিয়ে দেশ শাসন করে গেছেন। আর তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লংমার্চ করছেন। মানুষ এসব পরিহাসে বিশ্বাস করে না।’
রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীবাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফর রহমান, সিকদার নূর মো. দুলু, রঞ্জিত কুমার প্রমুখ বক্তব্য দেন।