গোপালগঞ্জে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে পান্না বেগম (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার ভাটিয়াপাড়ায় রাস্তার পাশের ডোবা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।নিহত ব্যক্তির মা লিলি বেগম অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর তিনি তিন সন্তান নিয়ে ঢাকায় চলে যান। তিনি ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন এবং সন্তানদের নিয়ে এক বস্তিতে থাকতেন। সেখানে কয়েক বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নূরবাগের আলতাফ শেখের ছেলে ফরিদ শেখের সঙ্গে তাঁর পরিচয়। পরে তিনি তাঁর মেয়ে পান্নাকে ফরিদের সঙ্গে বিয়ে দেন। কিছুদিন আগে পান্না কাশিয়ানী এসে অভিযোগ করেন, তাঁর স্বামী গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করেন। এর প্রতিবাদ করায় ফরিদ তাঁকে মারধর করেন।গত রোববার বিকেলে পান্না মুঠোফোনে তাঁর মাকে জানান, কাশিয়ানী বাজারে মুঠোফোনে টাকা ভরতে এসে একটি দোকানে ফরিদের সঙ্গে তাঁর দেখা হয়েছে। ফরিদ শক্ত করে হাত ধরে রেখেছেন। ছাড়ছেন না। এরপর ফোনটি কেটে যায়। সন্ধ্যায় ফরিদ তাঁর শাশুড়িকে ফোন করে গালাগাল করে বলেন, ‘তোর মেয়েকে খুন করে রাস্তার পাশে কচুরিপানার মধ্যে ফেলে রেখেছি। এসে দেখে যা।’ গভীর রাতে আবার ফোন করে ফরিদ তাঁকে একই কথা বলেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।