গোপালগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গতকাল শনিবার ফাতেমা বেগম (২২) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ফাতেমার স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। এদিকে নিখোঁজের তিন দিন পর গতকাল ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাশিয়ানী থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ফাতেমা কাশিয়ানীর রাতইল ইউনিয়নের রাতইল পশ্চিমপাড়া গ্রামের হেমায়েত তালুকদারের স্ত্রী ও গোপালগঞ্জ সদরের বুরাশী ইউনিয়নের পাথালিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। গতকাল সকালে হেমায়েতের বাড়ির একটি কক্ষে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি বাঁধা ঝুলন্ত অবস্থায় ফাতেমাকে দেখতে পান পরিবারের লোকজন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
ফাতেমার ভাগনে আলামিন অভিযোগ করে বলেন, শারীরিক নির্যাতন ও শ্বাসরোধে ফাতেমাকে হত্যা করা হয়। বিয়ের সময় তিন লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল। আরও যৌতুকের জন্য ফাতেমার স্বামী ও শাশুড়ি তাঁকে নির্যাতন করছিলেন।
ফাতেমার চাচা বুরাশী ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জসীমউদ্দীন সিকদার বলেন, ২০১২ সালে ফাতেমার বিয়ে হয়। চার মাস আগে ফাতেমা অন্তঃসত্ত্বা হন। তাঁর স্বামী ও শাশুড়ি তাঁকে প্রায়ই মারধর করতেন।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ফাতেমার স্বামী হেমায়েত ও শাশুড়ি তাহেরা বেগমকে আটক করেছে পুলিশ।
এদিকে ঝিনাইদহের মহেশপুর থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে মহেশপুর পৌরসভার হামিদপুর এলাকার আবুল হোসেন (৩৫) নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে পৌর এলাকার চিংড়ির খাল পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে আবুল হোসেনের লাশ উদ্ধার করে।