গোপালগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জের কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন মাগুরায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শক (এসআই)।
গোপালগঞ্জে নিহতরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার রঞ্জিতের হুলা গ্রামের আনছার আলী শেখ (৬৫) ও তাঁর ভাতিজা মোস্তফা শেখ (৪২)। আর মাগুরায় নিহত এসআইয়ের নাম মো. মশিউর রহমান (৫০)। তিনি মাগুরা সদর উপজেলার হাজিপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন।
গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে সদর উপজেলার কাজুলিয়ায় দুপুর পৌনে ১২টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এটি খুলনার বটিয়াঘাটা থেকে বরিশালের চরমোনাই পীরের বার্ষিক মাহফিলে যাচ্ছিল। গাড়িতে মুসল্লি ছিলেন ৫৪ জন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বাসটির সামনের একটি চাকার রিং ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতদের সবাই বটিয়াঘাটার। আহতদের মধ্যে ৩৬ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিনজনকে গোপালগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, চরমোনাই পীরের বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ
দিতে বটিয়াঘাটা থেকে চারটি বাসের বহর যাচ্ছিল। বহরের একটি গাড়ি পথে দুর্ঘটনার শিকার হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
মাগুরার দুর্ঘটনা ঘটে সদর উপজেলার ইছাখাদা বাজার এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে ইছাখাদা বাজার এলাকায় একটি ইটবোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহী এসআই মশিউরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম গতকাল বিকেলে জানান, ট্রাকসহ চালক আরব আলীকে (৩০) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।