গোপালগঞ্জে চার ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০
স্কুলশিক্ষককে মারধরের জের ধরে গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় চারটি ইউনিয়নের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ সময় চারটি দোকান ও ১০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ বোরহান ভূঁইয়া (৩০), জিয়াদুল ভূঁইয়াসহ (২০) গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা গ্রেপ্তার এড়াতে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকরাম হোসেন জানান, কয়েক দিন আগে বরফা গ্রামে চন্দ্রদিঘলিয়া ও জালালাবাদ ইউনিয়নের টেম্পোচালকদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ডে মহেন্দ্র ও রিকশাভ্যানে ওঠা নিয়ে চন্দ্রদিঘলিয়া গ্রামের কয়েকজন যুবক জালালাবাদ ইউনিয়নের বরফা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আলিম মোল্লাসহ কয়েকজনকে মারধর করেন। এ নিয়ে জালালাবাদ, শুকতাইল ও পাইককান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সংঘবদ্ধ হয়ে গতকাল দুপুর ১২টার দিকে চন্দ্রদিঘলিয়া বাজারে হামলা চালান। চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এসব ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করা হলেও তিন-চার হাজার লোক সংঘর্ষে অংশ নেওয়ায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়।
ইকরাম হোসেন আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপীনাথপুর, বৌলতলী, রামদিয়া পুলিশ ফাঁড়ি, কাশিয়ানী থানা ও গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। কাঁদানে গ্যাসের ৫০টির বেশি শেল ও রাবার বুলেট ছোড়া হয়। এলাকায় পুলিশি পাহারা বসানো হয়েছে।
পুলিশ জানায়, জালালাবাদ ইউনিয়নের কয়েক শ লোক সকাল ১০টা থেকে শুকতাইল হাইস্কুল মাঠে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। এ সময় পাশের পাইককান্দি, শুকতাইল ও গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার লোক ওই স্কুলমাঠে জড়ো হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেন। তাঁরা দুপুর পৌনে ১২টার দিকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়নে হামলা চালালে সংঘর্ষ বাধে।
জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুরারুল আলম বলেন, জালালাবাদসহ বিভিন্ন গ্রামের লোকজন চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ড দিয়ে চলাচল করেন। এ সুযোগে চন্দ্রদিঘলিয়া ইউনিয়নবাসী আশেপাশের ইউনিয়নের লোকজনের ওপর অকারণে নির্যাতন চালিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেন। অন্য এলাকার লোকজনকে তাঁরা কথায় কথায় মারধর করেন। এ জন্য লোকজন খেপেছেন।