গোপালগঞ্জে চোর ধরে বিপাকে বাড়িওয়ালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতেনাতে ধরা পড়া এক চোরকে ছাড়িয়ে নিলেন টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার। চোর ধরে এখন বিপাকে পড়েছেন বর্নি মধ্যপাড়া গ্রামের বাড়িওয়ালা বাদল শরীফ।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বর্নি মধ্যপাড়া গ্রামের মরহুম বেলায়েত শরীফের ঘরে সিঁধ কেটে ঢোকার সময় বাড়ির লোকজন সাইফুল জমাদ্দারকে (২৫) হাতেনাতে ধরে ফেলে। এ সংবাদ পেয়ে ওই রাতেই বর্নি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান খালিদ জমাদ্দার দলবল নিয়ে ওই বাড়িতে গিয়ে জোরপূর্বক তাঁকে ছাড়িয়ে নেন। এ সময় বাধা দিলে চেয়ারম্যানের লোকজন বেলায়েত শরীফের স্ত্রী ছুটো বিবি (৬৫), ছেলে বাদল শরীফ (২৮) ও ছেলের বউ আমেনা বেগমকে (২৫) মারধর করে।বাদল শরীফ অভিযোগ করেন, ঘটনার দিন রাতে চোরকে ছাড়িয়ে নেওয়ার পর চেয়ারম্যানের লোকজন বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাব ভাঙচুর করে। স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। চেয়ারম্যানের লোকজনের ভয়ে এখন তিনি ও তাঁর চার ভাই গ্রামছাড়া। রোববার থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি, বরং বিষয়টি চেয়ারম্যানের সঙ্গে মিটিয়ে ফেলার পরামর্শ দেয়।গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস ফকির বলেন, চেয়ারম্যানের ভাতিজা সাইফুল একজন দাগি চোর। চেয়ারম্যানের ছত্রচ্ছায়ায় তিনি এলাকায় চুরি করে রেহাই পান। ঘটনার দিন রাতে বর্নি মধ্যপাড়ার সাত্তার ফকিরের বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যান সাইফুল। এর আগে তিনি বর্নি পূর্বপাড়ার মোতালেব বিশ্বাসের বাড়িসহ কয়েকটি বাড়িতে চুরি করেছেন।ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার বৃহস্পতিবার বলেন, ‘ওই রাতেই বিষয়টি মিটমাট করা হয়েছে। মূলত বাদল শরীফ ফেনসিডিল ব্যবসায়ী। তাঁকে ধরার জন্য আমি রাতে তাঁর বাড়ির সামনে একটি ছেলেকে দাঁড় করিয়ে রেখেছিলাম। এখন চুরির নাটক সাজানো হয়েছে। ওই বাড়িতে হামলা-ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।’এলাকার শেখ মিজানুর রহমান (৫৬) বলেন, সাইফুলের বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে। ওই দিন সালিস হওয়ার কথা থাকলেও চোর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তা করা যায়নি। চেয়ারম্যান সালিসের যে কথা বলেছেন, তা সত্য নয়। বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থানার ওসি মাজাহারুল হক বলেন, শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলেও মামলা করার জন্য বাদী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার গতকাল সোমবার তিনি বলেন, পুলিশ তদন্ত করে দেখেছে, ঘটনা পুরোটা সত্য নয়। বাদল শরীফ যে অভিযোগ করেছেন, তা পরিবর্তন করে দিলে মামলা নেওয়া হবে। কারণ, এই ঘটনায় চেয়ারম্যানের সম্পৃক্ততা নেই।এদিকে রোববার রাতে মুঠোফোনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মনির হোসেন বলেন, ওসিকে এ ব্যাপারে মামলা নিতে বলা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাখাওয়াত হোসেনকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।